সুবর্ণচর উপজেলায় পাঁচ নারী পেলেন ‘অপরাজিতা’ সম্মাননা

লেখক:
প্রকাশ: 4 months ago

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাঁচ গুণী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমাজ ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে ‘অপরাজিতা নারী পুরস্কার’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এবং সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহমদ। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। তাঁদের সম্মাননা প্রদান করলে আরও অনেক নারী অনুপ্রাণিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন— ১নং চর জব্বার ইউনিয়নের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী মিসেস বিবি কুলছুম, ৫নং চর জব্বার ইউনিয়নের শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী খনা রাণী মজুমদার, ৬নং চর আমানউল্লাহ ইউনিয়নের সফল জননী নারী রুম্পা রাণী মজুমদার, ১নং চর জব্বার ইউনিয়নের নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী আমেনা বেগম এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের সমাজ উন্নয়ন ও নেতৃত্বে অবদান রাখা আলেয়া বেগম।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদসহ এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নে সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। সম্মাননা প্রাপ্ত নারীরা এমন মর্যাদা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।