গণতান্ত্রিক অধিকার আদায়ে তারেক রহমান সবসময় সোচ্চার—সুবর্ণচরে ছাত্রদল সম্পাদক নাছির

লেখক:
প্রকাশ: 1 month ago
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নিজস্ব প্রতিনিধিঃ
গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষের গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সোচ্চার ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈকত সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের আয়োজন করে নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদল।
নাছির উদ্দিন নাছির বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন,
“শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, ভিন্ন রাজনৈতিক মতের মানুষ ও সাধারণ জনগণও মনে করছেন—তারেক রহমানের দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। ঢাকায় বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জুলাই যোদ্ধা ওসমান হাদীর প্রসঙ্গ টেনে বলেন, ওসমান হাদীর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি গণতন্ত্র চর্চায় বিশ্বাসী ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্রদল সম্পাদক।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, ওসমান হাদী জীবিত থাকাকালে গণমাধ্যমের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অথচ বর্তমানে একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে গণমাধ্যমের ওপর হামলা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, একটি পক্ষ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও বাস্তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন,
“তাহলে শুধু একজনের পদত্যাগ কেন চাওয়া হচ্ছে—এর জবাব জাতি জানতে চায়।”
খেলায় ‘তারুণ্যের সুবর্ণচর’ ও ‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’ দল জয় লাভ করে। খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।