বিপিএল মাতাতে নোয়াখালীতে যোগ দিলেন আরও এক বিদেশি

লেখক:
প্রকাশ: 2 months ago
Ibrar

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস খেলোয়াড় কেনার ক্ষেত্রে চমক দেখিয়ে যাচ্ছে।  এবার তারা দলে যুক্ত করল নতুন এক বিদেশি ক্রিকেটারকে।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের এবারের আসরে খেলবেন সংযুক্ত আরব আমিরাতের ডানহাতি পেসার ইবরার আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই ২১ বছর বয়সী পেসারকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইবরার আহমেদ নতুন নন। আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবং আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত খেলা ৭টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি শিকার করেছেন ৪টি উইকেট।

নতুন দল হলেও নোয়াখালী এক্সপ্রেস এবারের আসরের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। দেশি খেলোয়াড়দের মধ্যে দলে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী এবং হাবিবুর রহমান সোহানের মতো তারকারা।

বিদেশি কোটায় নোয়াখালী এক্সপ্রেস ইতোমধ্যেই যুক্ত করেছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর মতো আন্তর্জাতিক তারকাদের। এবার ইবরার আহমেদের অন্তর্ভুক্তিতে তাদের পেস আক্রমণ আরও শক্তিশালী হলো।

বিপিএলের এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।