হাতিয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 months ago

নোয়াখালীর হাতিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভার আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), ইউএনএফপিএ এবং অ্যাকশনএইড এর অর্থায়নে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, কাজি, পুরোহিত এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় স্থানীয় প্রতিনিধি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন সভায় বলেন, “সমাজের ৭০ শতাংশ নারী মানসিক ও আর্থিক নির্যাতনের শিকার। সহিংসতার মূল কারণ শিক্ষার অভাব। তাই নারীদের শিক্ষিত হতে হবে এবং অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে। সহিংসতা দূর করতে প্রতিটি মানুষকে সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী বলেন, “পারিবারিক সহিংসতার শিকার নারীরা শারীরিকভাবে আহত হলে প্রথমে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হলে ডাক্তারি রিপোর্ট অপরিহার্য। এটি ছাড়া কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে না।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, “বর্তমানে নারীরা কোথাও নিরাপদ নয়। স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব পায় না। ঘরোয়া সহিংসতার ঘটনাগুলো প্রায়ই অবহেলিত হয়। যৌতুক, ইভটিজিং বা যে কোনো ধরনের সহিংসতার মুখোমুখি হলে দ্রুত আমাদের ডেডিকেটেড ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন।”

সভার মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়া প্রদানের জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং সকল স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।