সৈকত সরকারি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

লেখক:
প্রকাশ: 1 month ago

কলেজ প্রতিনিধিঃ ছবিসৈকত সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ তাঁর শেষ কর্মদিবসে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মো. জসিম উদ্দিন সৈকত সরকারি ডিগ্রি কলেজের স্বপ্নদ্রষ্টাদের অন্যতম একজন। কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দৃঢ় নেতৃত্ব, গম্ভীর ব্যক্তিত্ব এবং প্রশাসনিক প্রজ্ঞার ফলে সৈকত সরকারি ডিগ্রি কলেজ আজ নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলাবান প্রশাসন গড়ে তুলতে তাঁর অবদান প্রতিষ্ঠানটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় অসংখ্য শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজ দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. জসিম উদ্দিন শুধু একজন দক্ষ প্রশাসকই নন, বরং একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর অবসর-পরবর্তী জীবন যেন সুখী, শান্তিময় ও কল্যাণকর হয়—এ কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন কলেজ পরিবারের সকল সদস্য।
এ সময় শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে জানান, প্রিয় এই উপাধ্যক্ষকে তারা আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাখবে।