
উপজেলা প্রতিনিধিঃ
চলমান শীত ও কনকনে ঠান্ডায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খেটেখাওয়া, ছিন্নমূল ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলার চর জুবিলী ইউনিয়ন ও পূর্ব চরবাটা ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র পেয়ে উপকূলীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ছেনমং রাখাইন এবং একাডেমিক সুপারভাইজার জনাব মিজানুর রহমান। এ সময় তারা শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং শীত মৌসুমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এখনও যেসব গরীব, অসহায় ও দুঃস্থ মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন, তাদের তথ্য পেলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।