সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 month ago

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরিকা সায়েদ ফাউন্ডেশন (টিএসএফ)-এর উদ্যোগে ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার খাসের হাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং খাসের হাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মাস্টার রাশেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলা উদ্দিন, খাসের হাট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহছান উল্যাহ, কবিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলা উদ্দিন, চরবাটা খাসের হাটের বিশিষ্ট ব্যবসায়ী ও ০২নং চরবাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ দিদারুল আলম, খাসের হাট জামে মসজিদের সভাপতি নুর মাওলা, ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ হোসেন শাহীন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান জাফরসহ উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা অংশগ্রহণ করেন। বিচারকদের মূল্যায়নে ১০ জন প্রতিযোগীকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মো. কেফায়েত উল্যাহ। দ্বিতীয় স্থান অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াছিন আরাফাত। তৃতীয় স্থান অর্জন করেন মরহুম সেকান্তর মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মো. ইমরান হোসেন। চতুর্থ স্থান অর্জন করেন হাফেজ মো. আসিফ এবং পঞ্চম স্থান অর্জন করেন হাফেজ মেহেদী হাসান রায়হান।

এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মাঝে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে পবিত্র কোরআন মুখস্থ করার আগ্রহ সৃষ্টি এবং কোরআনের চর্চা ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।