
নোয়াখালীর সুবর্ণচরে জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় চরবাটা খাসেরহাট রাস্তার মাথা প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাগ্রত সুবর্ণচর, নোয়াখালী-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি চরবাটা খাসেরহাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, সুবর্ণচরে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
এ সময় এলাকাবাসী সন্ত্রাসমুক্ত সুবর্ণচর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।