
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো টিমের সদস্য ও তার চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে এক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় ওসমান হাদিকে। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচারের পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ইন্নালিল্লাহিজন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে টানা চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে